নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনার আটপাড়ায় বিএডিসির চারিয়া-১ সেচ প্রকল্প সাধারণ কৃষকদের মাধ্যমে পরিচালনার দাবিতে মানববন্ধন করেছেন কৃষক ও এলাকাবাসী। তাঁদের অভিযোগ, সেচ সুবিধার নামে কৃষকদের কাছ থেকে নেওয়া হচ্ছে অতিরিক্ত ধান। তাই প্রকল্পটি কৃষকদের হাতে তুলে দিয়ে ন্যায্য অধিকার নিশ্চিত করার দাবি জানিয়েছেন তাঁরা।
বুধবার (৪ নভেম্বর) দুপুরে আটপাড়া উপজেলা পরিষদ চত্বরের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশ নেওয়া কৃষকেরা অভিযোগ করেন, বিগত সরকারের আমলে সেচ সুবিধার বিনিময়ে প্রতি কাটা জমির জন্য ৩৫ কেজি করে ধান দিতে হতো। এতে উৎপাদন খরচের পাশাপাশি বাড়তি চাপ তৈরি হতো কৃষকদের ওপর।
তাঁদের দাবি, সরকারি নীতিমালা অনুযায়ী সেচ পরিচালনার ব্যয় কাটা প্রতি ১৮০ থেকে ২০০ টাকা নির্ধারিত থাকলেও বাস্তবে এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ব্যবস্থা নেই। এ অবস্থায় সাধারণ কৃষকদের মধ্য থেকে ম্যানেজার নিয়োগ দিয়ে সেচ প্রকল্প পরিচালনা করতে হবে। পাশাপাশি সেচ ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে।
মানববন্ধন শেষে দাবিগুলো বাস্তবায়নের জন্য আটপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দেন তাঁরা।